স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের উদযাপন রবিবার

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৭:৪৫ পিএম

স্বল্পোন্নত থেকে চুড়ান্তভাবে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণে জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদনের ঘটনার উদযাপন করা হবে রবিবার।

শনিবার এক ভিডিও কনফারেন্সে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানিয়ে বলেন, ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদযাপনের এই অনুষ্ঠান হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠান উদ্বোধন করবেন।

গত ১২ বছরে শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির অভাবনীয় অর্জন রূপকথার গল্পকেও হার মানায় বলে মন্তব্য করে মুস্তফা কামাল বলেন, ‘করোনার আগের ১০ বছরে ১৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ সারা বিশ্বে প্রবৃদ্ধি অর্জনে প্রথম স্থান অধিকার করেছে।’

তিনি বলেন, ‘এমনকি করোনায় যখন সারা বিশ্বের অর্থনীতি ৩ দশমিক ১ শতাংশ সঙ্কুচিত হয়েছে, সে সময়ও বাংলাদেশের অর্থনীতির সকল সূচক ছিল ঊর্ধ্বমুখী। অর্থনৈতিক এই সাফল্যে আজ আমাদের উন্নয়নশীল দেশের কাতারে সামিল করছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) অর্জনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ এবং ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হব, ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘আমাদের উন্নয়নশীল দেশ হওয়ার পথেও কিছু চ্যালেঞ্জে আছে। অনেকেই আমাদের রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা করছেন। আসলে তেমন কিছুই হবে না, বরং রপ্তানি আরও বাড়বে।’

তিনি বলেন, ‘এখন আমরা আগের অবস্থানে নেই। এখন আমাদের মানুষের দক্ষতা অনেক বেড়েছে। আমাদের সুযোগগুলা কাজে লাগাতে চাই আমরা। জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে আমরা এই সুযোগ গ্রহণ করতে চাই।’

এক গবেষণা ফলাফল তুলে ধরে মুস্তফা কামাল বলেন, আগামী ২০৩৬ সালে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সূখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হওয়ার মাধ্যমে জাতির পিতার কল্পিত সোনার বাংলাদেশের স্বপ্ন পূরণের সুবর্ণ রেখাটি স্পর্শ করতে পারবে।’

এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, স্বল্পোন্নত দেশ থেকে তিনটি শর্ত পূরণ করায় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য সুপারিশ করেছে। পরে জাতিসংঘের আরেকটি সংগঠন ইকোসক এটাকে সমর্থন করেছে। সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদ গত ২৪ নভেম্বর বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ অনুমোদন করেছে।

এই অনুমোদন ৫ বছরের প্রস্তুতিমুলক সময়সহ ২৩ নভেম্বর ২০২৬ সাল থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত হবে বলে হবে বলে জানান তিনি।

সচিব বলেন, ‘গত ২৪ নভেম্বর জাতিসংঘের চুড়ান্ত ঘোষণা পাওয়ার পর ১৬ ডিসেম্বর স্বাধীনতার ৫০ বছর ও জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান থাকায় আমরা উন্নয়নশীল দেশে উত্তরণের উদযাপনটা করিনি। এ বছরেই আমরা আমাদের উন্নয়নশীল দেশে উত্তরণের উদযাপনটা করব’।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত