শৈলকুপায় ২০ ঘণ্টার ব্যবধানে নির্বাচনী সহিংসতায় জোড়া খুন

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৯:০০ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় জসিম বিশ্বাস (৩৫) নামের আরও এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

এর আগে, সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারের আধিপত্য নিয়ে শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান মণ্ডল নামের এক বৃদ্ধ নিহত হয়। এ খুনের ২০ ঘণ্টা যেতে না যেতেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হলেন জসিম বিশ্বাস।

শনিবার বিকেল ৪টার দিকে ভাটবাড়িয়া গ্রামে জসিমের খুনের ঘটনা ঘটে। এ সময় মিলন (৩২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন।

নিহত জসিম উপজেলার ভাটবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার ছেলে ও আহত মিলন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তারা দুজনই নৌকা প্রতীকের সমর্থক।

হারান খুনের ঘটনায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে স্থান ত্যাগ করার পর পরেই এ খুনের ঘটনা ঘটল।

নিহত জসিমের ভাই মুক্তার হোসেন জানান, তার ভাই জসিম ও মিলন রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার জুলফিকার কায়সার টিপুর সমর্থকেরা তার ভাইদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক জসিম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, সন্ত্রাসী হামলায় নিহত জসিম ও আহত মিলন তার সমর্থক ছিল।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ভাটবাড়িয়া গ্রামে ছুরিকাঘাতে জসিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত