‘সুষ্ঠু পরিবেশে নির্বাচন না হলে নারায়ণগঞ্জ অচল করে দেয়া হবে’

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১০:৩৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দিতে না পারলে নারায়ণগঞ্জ অচল করে দেয়া হবে’।

শনিবার বিকেল ৩টায় চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ড এ মুফতি মাসুম বিল্লাহর হাতপাখার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই বলেছেন, আমরা নির্বাচিত হলে- সকল ধর্মের, সকল স্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। যার বাস্তব নমুনা হল আমাদের চরমোনাই ইউনিয়ন। সেখানে এবার আ. লীগ ও বিএনপি জোটবদ্ধ হওয়ার পরও হাতপাখার দুর্গ ভাঙতে পারেনি। এ থেকে এটাই প্রতীয়মান, মানুষ আমাদের খেদমত সম্পর্কে অবগত। মানুষের যে সুযোগ-সুবিধা বা প্রয়োজন তা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। পাশাপাশি মেয়র হতে পারলে আমরাও নারায়ণগঞ্জ সিটিকে একটি মডেল সিটি হিসেবে গঠন করব, ইনশা আল্লাহ।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্ব আয়োজিত পথসভায় আরও উপস্থিত ছিলেন, এনসিসি ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আব্দুল মালেক, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ইরান হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মো. ইসমাইল, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডা. মিজানুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন দুলাল, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সোহেল রানা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম. শফিকুল ইসলাম প্রমুখ।

মুফতি মাসুম বিল্লাহ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ভোটের রেজাল্ট সঠিকভাবে দিতে না পারলে, নারায়ণগঞ্জ থেকে কাউকে যেতে দেয়া হবে না। ইভিএম মেশিন দিয়ে কোনো দুর্নীতি বা কারচুপি করলে আমাদের কর্মী বাহিনী তার যথোপযুক্ত জবাব দিতে বাধ্য হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আমরা আঙুল বাঁকা করতে জানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত