ফ্রান্সে ফল ও সবজির প্লাস্টিক প্যাকেজিং নিষিদ্ধ

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১১:৩০ পিএম

ফ্রান্সে নতুন বছরের প্রথম দিনেই এক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নুতন এ আইনের আওতায় বেশির ভাগ ফল ও সবজিতে প্লাস্টিকের প্যাকেজিং নিষিদ্ধ করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, শসা, লেবু, কমলাসহ ৩০ ধরনের খাদ্যদ্রব্য প্লাস্টিক দিয়ে মোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। তবে বেশি পরিমাণের পাশাপাশি কাটা বা প্রক্রিয়াজাত ফলের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এই নিষেধাজ্ঞাকে ‘একটি সত্যিকারের বিপ্লব’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ২০৪০ সালের মধ্যে ফ্রান্স একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য পুরোপুরি বন্ধ করতে চায়, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্রান্সে ফল ও সবজির এক-তৃতীয়াংশ প্লাস্টিকে মুড়িয়ে বিক্রি করা হয়। সরকারি কর্মকর্তারা ধারণা করছেন, এর মধ্য দিয়ে প্রতিবছর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ১০০ কোটি পণ্য ব্যবহার কমবে।

নতুন আইন ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ফ্রান্স ‘ব্যাপক পরিমাণ’ একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে। নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য এই ধরনের প্লাস্টিকের পণ্য ব্যবহার কমানো এবং এর বিকল্প হিসেবে অন্যান্য উপকরণ বা পুনর্ব্যবহারযোগ্য মোড়কের পরিমাণ বাড়ানো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত