একদিনে মহারাষ্ট্রের ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনা আক্রান্ত

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১১:৫৩ পিএম

ভারতের অন্যান্য রাজ্যের মতোই মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে রয়েছেন রাজ্যের ১০ মন্ত্রী এবং ২০ জন বিধায়ক।

শনিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এ খবর জানিয়ে বলেন, মন্ত্রী-বিধায়কেরা  আক্রান্ত হওয়ায় রাজ্যের বিধানসভা অধিবেশনের সময়ও কমানো হবে।

অজিত পাওয়ার বলেন, ‘এখন অবধি ১০ জন মন্ত্রী এবং ২০ জন বিধায়ক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জন্য বিধানসভা অধিবেশনের সময় কমিয়ে দেওয়া হয়েছে।’

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার প্রকাশিত রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছে আট হাজার ৬৭ জন। এর মধ্যে মুম্বাইতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬৩১ জন।

করোনার নতুন ধরন ওমিক্রনও দ্রুত হারে ছড়াচ্ছে মহারাষ্ট্রে। এখনো অবধি ৪৫৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। যা দেশটির মধ্যে সর্বোচ্চ।

সূত্র: এনডিটিভি অনলাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত