গত বৃহস্পতিবার শপথ অনুষ্ঠান চলাকালে খবর পান এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৪৬ পেয়ে পাস করেছেন তিনি। ব্যক্তিটি হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দ্বিতীয়বারের মতো নির্বাচিত ৫৮ বছর বয়সী ইউপি সদস্য রফিকুল ইসলাম। কিশোর বয়সী শিক্ষার্থীদের সঙ্গে ৫৮ বছর বয়সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৪৬ পেয়ে পাস করে সবাইকে চমকে দিয়েছেন এই জনপ্রতিনিধি। তার এমন সাফল্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। এতে স্ত্রী-সন্তানসহ খুশি গ্রামবাসী।
শারীরিক অসুস্থতার কারণে অষ্টম শ্রেণির পর আর পড়তে পারেননি রফিক। তিনি বলেন, ‘৫ বছর যাবৎ মেম্বার থাকার পর আমি বুঝতে পারি জীবনে শিক্ষার প্রয়োজন আছে। তাই সাংসারিক জীবনের পাশাপাশি লেখাপড়া শুরু করি। নিজে যদি শিক্ষিত না হই তাহলে মানুষের সেবাই বা করব কীভাবে? এ ছাড়া অফিস-আদালতে শিক্ষা সব সময়ই প্রয়োজন হয়।’
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বলেন, এ বয়সে রফিকুল ইসলাম এসএসসি পাস করেছেন। এটা আনন্দের সংবাদ। শপথ অনুষ্ঠানে জনপ্রতিনিধির এসএসসি পাসের খবর তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। প্রকৃতপক্ষে শিক্ষার কোনো বয়স নেই। গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে (মেম্বার) তালা প্রতীক নিয়ে ৪৭৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম।
