গত পাঁচ বছর দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের শ্বেতপত্র আগামী ১৯ জানুয়ারি প্রকাশ করবে এ-সংক্রান্ত গণকমিশন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক ককাস যৌথভাবে এ শ্বেতপত্র প্রকাশ করবে।
গতকাল শনিবার ‘বাংলাদেশে জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’-এর তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা থেকে শুরু করে গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের পাঁচ বছরের ঘটনাবলির ওপর শ্বেতপত্র প্রকাশ করা হবে।
দুই খণ্ডের শ্বেতপত্রে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন জঙ্গি মৌলবাদী সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে সরকার ও নাগরিক সমাজের করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।
