টেস্ট ক্যারিয়ারের মাত্র তৃতীয় ইনিংসে এসেই ফিফটি পেয়েছেন মাহমুদুল হাসান জয়। এই ২১ বছর বয়সী ওপেনারের ধৈর্যশীল ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন স্বস্তিতে দিন করেছে বাংলাদেশ।
৭০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন জয়। এই রান করার পথে ২১১ বল খেলেছেন তিনি। যা নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে কোনো বাংলাদেশি ওপেনারের ২০০ এর বেশি বল খেলার রেকর্ড।
তার আগের রেকর্ডটি ছিল জুনায়েদ সিদ্দিকী। ৩৪ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটারের টেস্ট অভিষেক হয় ডানেডিনে, ২০০৮ সালের ৪ জানুয়ারি। কিউইদের বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করার পথে ১৪৪ বল খেলেন তিনি।
প্রায় ১৪ বছর নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ বল খেলার রেকর্ডটি ছিল জুনায়েদ সিদ্দিকীর। এবার কিউইদের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে সেই রেকর্ডটি নিজের করে নিলেন জয়।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে প্রথম ইনিংসে ২ ওভারে ১৭৫ রান নিয়ে। নিউজিল্যান্ডের চেয়ে ১৫৩ রান পিছিয়ে আছে সফরকারীরা। ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে কিউইরা প্রথম ইনিংসে থামে ৩২৮ রানে।
