সাঁওতাল পল্লি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লি থেকে অনিল মুরমু (৪০) ও তার স্ত্রী সুমী হেমরমের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে অনিল মুরমুর লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রীর লাশ ঘরের বারান্দায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

সোমবার উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরা সাঁওতাল পল্লি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, অনিল মুরমু মাঝে মধ্যেই নেশা করতেন। নেশা করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রবিবার রাতে অনিল মুরমু ও তার স্ত্রী সুমী হেমরম ঘুমাতে যান। ওই দিন রাতে তাদের বড় মেয়ে (১৫) ও ছোট মেয়ে (১০) অন্য ঘরে ছিলেন। সকালে দুই বোন ঘুম থেকে ওঠে ঘর থেকে বেরিয়ে বাবা-মাকে ডাকতে গিয়ে দেখে, তাদের মা সুমী হেমরমের লাশ বারান্দায় পড়ে আছে এবং শোয়ার ঘরের দরজা খোলা ছিল। ঘরে ঢুকে তারা বাবাকে ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, লাশ দুটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত