রাজধানীর উত্তরায় শুরু হয়েছে সিটি করপোরেশন ও রাজউকের যৌথ উচ্ছেদ অভিযান। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় দশ নম্বর সেক্টর (সুইসগেট) রানাভোলা অ্যাভিনিউয়ের সামনে থেকে এ অভিযান শুরু হয়।
উত্তর সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এতে নেতৃত্ব দেন।
দশ নম্বর সুইসগেট এলাকা থেকে আইইউবিএটি ইউনিভার্সিটি, রানাভোলা অ্যাভিনিউ রোড ১৩,১৭,১৮ হয়ে সাহেব আলী মাদ্রাসা এলাকায় উচ্ছেদ পরিচালিত হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে বিশ হাজার টাকা জরিমানা এবং প্রায় দেড়শ অবৈধ টং দোকান উচ্ছেদ করে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন দেশ রূপান্তর জানান, সরকারের বিভিন্ন সংস্থা, রাজউক ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন ভাসমান দোকান, টং দোকান এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
তিনি বলেন, কোনো অবস্থাতেই ফুটপাতে দোকান বা অবৈধ স্থাপনা রাখা যাবে না। উত্তরার ফুটপাত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
জানতে চাইলে উত্তর সিটির ১নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান জানান, জনগণের সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
