স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালু থাকবে, সংক্রমণ বাড়লে নতুন সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৫:১১ পিএম

দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালু থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তবে সংক্রমণ বাড়লে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলা নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে লকডাউনের চিন্তা আমাদের মাথায় আছে। তবে এখনি লকডাউনের বিষয়ে ভাবছি না।

ওমিক্রন মোকাবিলায় কিছু সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেগুলো হলো— মাস্ক ছাড়া কেউ যানবাহনে চলাচল করলে জরিমানা করা হবে, যানবাহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের প্রস্তাব দেওয়া হয়েছে, মাস্ক পরে রেস্টুরেন্ট ও হোটেলে খেতে যেতে হবে, দোকানের সময়সীমা কমিয়ে আনার কথা বলা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালু থাকবে। তবে সংক্রমণ বাড়লে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা প্রশাসনকে সব নির্দেশনা বাস্তবায়নে ৭ দিনের সময় দেওয়া হবে, তিনি যোগ করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত