টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে কিউইদের ৮ উইকেটে হারিয়েছে তারুণ্য নির্ভর টাইগাররা।
কিউইদের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের এটি প্রথম জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ১৫ টেস্টে একবারও জয়ের মুখে দেখেনি বাংলাদেশ। ১২ হারের পাশাপাশি জুটেছিল ৩ ড্র।
যে কিউইরা গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতার পর একটি টেস্টেও হারেনি সেই দলের জয়রথ থামাল সিনিয়রদের ছাড়া খেলতে নামা বাংলাদেশ।
ঘরের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ হেরেছিল ২০১৭ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েলিংটনে। এবার নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের টানা ১৭ জয়ের দৌড় থামাল বাংলাদেশ। বিদেশের মাটিতে ৬১ টেস্ট খেলে যা টাইগারদের ষষ্ঠ জয়।
তবে এমন এক জয়ের পরও পা মাটিতে রাখছেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক জয়ের কৃতিত্ব দিলেন বোলারদের। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া পেসার এবাদত হোসেনকে। সেই সঙ্গে জানালেন, নিউজিল্যান্ডের দুর্জয় ঘাঁটি ভেঙে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ সৃষ্টি করতে চেয়েছিলেন তিনি।
সেই জায়গায় সফল মুমিনুল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক বলেন, ‘এটা টিমওয়ার্ক ছিল। সবাই আগ্রহী ছিল ম্যাচটি জিততে। তার জন্য তিন বিভাগেই তারা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। বোলারদের কারণে আমরা জিতেছি। প্রথম ও দ্বিতীয় ইনিংসে তারা চমৎকার বল করেছে। তারা খুব পরিশ্রম করেছে এবং ঠিক জায়গা বল করেছে।’
মুমিনুল বলেন, ‘এবাদত অবিশ্বাস্য বল করেছে। গত কয়েক টেস্টে আমরা ভালো খেলিনি এবং এটি গুরুত্বপূর্ণ ছিল পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যাওয়া।’
