মাদক নিরাময় কেন্দ্র থেকে অভিনেতাকে উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৩:৩২ পিএম

গাজীপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে মাদক ব্যবসা ও রোগীদের শারীরিক নির্যাতন করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার সন্ধ্যায় নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসাধীন থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ঢাকাই সিনেমার এক অভিনেতা রয়েছেন।

র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বুধবার সকালে সংবাদমাধ্যমকে এ সব তথ্য জানান।

তিনি আরও জানান, গাজীপুরের ভাওয়াল মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে পুনর্বাসন কেন্দ্রের মালিক নাজনীন ফিরোজা বাঁধনসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিষ্ঠানটি প্রয়োজনের অতিরিক্ত সময় রোগীদের ভর্তি রেখে অর্থ আদায় করতো। এ ছাড়া তারা বিভিন্ন  অনৈতিক কার্যক্রমে জড়িত ছিল বলেও র‌্যাব অভিযোগ করেছে।

এ দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন এক চিত্রনায়ক।

জায়েদ বলেন, চিত্রনায়ক অনিক রহমান অভি মাদকাসক্ত না হওয়া সত্ত্বেও দীর্ঘ ৯ মাস শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক যৌন নির্যাতন চালাতেন ওই প্রতিষ্ঠানের মালিক এক নারী। বিষয়টি গোপন সূত্রের ভিত্তিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে সেখানে চিত্রনায়ক অভি’সহ আর ২০ জন উদ্ধার করা হয়েছে। সেখানে জানানো হয়েছে সেই প্রতিষ্ঠানের মালিক পক্ষ অভিযান পরিচালনার সময় মাদকাসক্ত অবস্থায় ছিলেন!

উদ্ধার হওয়া অভি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে পপির বিপরীতে ‘সাহসী যোদ্ধা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত