দৃষ্টি প্রতিবন্ধীকে ভোটে সহায়তা স্বতন্ত্রের, নৌকার অভিযোগে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৪:৪৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ম ধাপের ইউপি নির্বাচনে এক দৃষ্টি প্রতিবন্ধী ভোটারকে ভোট দিতে সহায়তা করেছেন স্বতন্ত্র প্রার্থী। এ ঘটনায় নৌকার প্রার্থীর অভিযোগের ভিত্তিতে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের আয়মা রসুলপুর হাজী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ফেরদৌস আরাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার ভোট চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন প্রিসাইডিং অফিসার মশিউর রহমান।

এই ইউনিয়নে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান জাহিদুল আলম বেনু এবং স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মামুনুর রশিদ মিলটন।

এদিকে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে রসুলপুর সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় নৌকার কর্মী-সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তার গাড়ির লুকিং গ্লাস, সামনের গ্লাস, হেডলাইট, হুইপার ভাঙচুর করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী জাহিদুল আলম বেনু।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদ থাকলেও বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর, আটাপুর ও মোহাম্মদপুর ৫টি ইউপিতে নির্বাচন হচ্ছে। আওলাই ও কুসুম্বা ইউনিয়নে নির্বাচন হবে ৭ম ধাপে। পৌরসভার সঙ্গে সীমানা জটিলতার কারণে বালিঘাটা ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এ নির্বাচনে ৫টি ইউনিয়নে নারী ভোটার ৫২ হাজার সাতশ ৩২ জন ও পুরুষ ৫২ হাজার সাতশ ৪০ জন। কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত