নির্বাচন কমিশন গঠনে চলমান রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার কথা জানালেও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিএনপির জন্য ১২ জানুয়ারি সময় বরাদ্দ রেখেছেন।
একই দিনে রাষ্ট্রপতি ন্যাশনাল পিপলস পার্টির জন্যও সংলাপে বসার সময় বরাদ্দ রেখেছেন।
বুধবার বঙ্গভবনের প্রেস উইংয়ের ফেইসবুক পেজে দেয়া একটি পোস্টে এ কথা জানানো হয়েছে।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটি গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানায়।
তবে, বঙ্গভবন থেকে সময় বরাদ্দের পর কেন সংলাপে তারা অংশ নেবে না এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চিঠি পাঠানো হতে পারে বলে জানা গেছে।
বিএনপি আগামী সাধারণ নির্বাচন তদারকি করতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ পর্যন্ত ৫টি রাজনৈতিক দল- বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
এর আগে মঙ্গলবার আরও ৯টি রাজনৈতিক দলকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পর্যন্ত ২৭টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন।
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।
সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতিকে নতুন ইসি গঠন করতে হবে।
