দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ১০ চাকার ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে ট্রেনটির চালক (এলএম) আবদুর রশিদ সরকার ও সহকারী চালক (এএলএম) ইউনুস আলী আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১০ চাকার ড্রাম ট্রাকটি কয়েক টুকরো হয়ে যায়।
গত মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে মন্মথপুর রেলস্টেশন পার হয়ে আউটার সিগন্যালসংলগ্ন যশাই মোড় ৬ নম্বর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই লেভেল ক্রসিংয়ের গেটম্যান মনির ও ফারদিন পলাতক। দুর্ঘটনার ছয় ঘণ্টা পর লালমনিরহাট থেকে আসা একটি ক্রেন দিয়ে রেলের কর্মীরা ট্রেনটি উদ্ধারের কাজ শুরু করে।
দুর্ঘটনার পর দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, বুড়িমারী থেকে ছেড়ে আসা বিরলগামী কমিউটার এবং পার্বতীপুর-পঞ্চগড় রুটে চলাচলকারী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরে আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। আন্তঃনগর দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুটিও টাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি এবং রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেনটি দিনাজপুর রেলস্টেশনে আটকা পড়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
পার্বতীপুর স্টেশন মাস্টার শওকত আলী জানান, রাত সাড়ে ৩টার দিকে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনটি যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট পার হওয়ায় সময় বালুবোঝাই একটি ড্রাম ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে।
