শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের কোনোভাবে ঝুঁকি নেয়ার সুযোগ নেই। আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেই টিকা দেওয়া চলছে। সেটাকে আরো বেগবান করতে হবে। যেভাবে টিকাদান কর্মসূচি চলছে তাতে খুব শিগগিরই আমাদের যাদের বারো বছরের বেশি বয়সী শিক্ষার্থী, তাদের অধিকাংশেরই টিকা দেওয়া হয়ে যাবে। যাদের এখনো দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে।
তিনি আরো বলেন, তারা যত দ্রুত পারে সবাই টিকা নিয়ে ক্লাসে চলে আসবে, আমরা সেটাই চাই। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তাদের অভিভাবকদের এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরীর বাহাদুরপুরে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চল আয়োজিত প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চলের সভাপতি ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) ড. মো. মোজাম্মেল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, রোভার স্কাউট অঞ্চলের সহসভাপতি ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এমএ বারী, রোভার অঞ্চলের সম্পাদক একেএম সেলিম চৌধুরী, রোভার কামরুল হোসেন ও নাজনূর নাবিলা প্রমুখ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি রোভার স্কাউটদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং করে তোমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর তোমরা বিশ্বনাগরিক হবে, সোনার মানুষ হবে। আর তোমরা সোনার মানুষরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে।
