ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত দুই দিন অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের পাঁচ দালালকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্টের অবৈধ লেনদেনের ৫টি খাতা, পাসপোর্টের টাকা জমা দেওয়ার চালান, কম্পিউটারের দুটি মনিটর, দুটি হার্ডডিস্ক, ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। তারা হলো নাদিম হাসান, তারিকুর রহমান, রাব্বি মোল্লা, আল আমিন শেখ ও মোজাম্মেল হোসেন শিমুল।
গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসের দালালি করত। মানুষের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা নিত। এমনকি কোনো ব্যক্তি তাদের চাহিদা অনুযায়ী অর্থ না দিলে তাকে আটকে রেখে নির্যাতন করত। তিনি বলেন, নগরকান্দা থানার জুলহাস সিকদার আমাদের কাছে এমন একটি অভিযোগ করলে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা মিললে গত দুই দিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় জুলহাস সিকদার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
