সেরা অভিনেতার অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ তারকার মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০:০২ এএম

হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা সিডনি পোয়াটির আর নেই। ৯৪ বছর বয়সে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাহামাসের ডেপুটি প্রধানমন্ত্রী চেস্টার কুপার।

‘লিলিস অব দ্য ফিল্ড’ ছবির জন্য ১৯৬৩ সালে সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার পান সিডনি। তবে মনোনয়ন পান আরও আগে।

১৯৫৮ সালে প্রথমবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি, ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ ছবির সুবাদে। মনোনয়ন পাওয়ার দিক থেকেও প্রথম কৃষ্ণাঙ্গ ছিলেন সিডনি।

১৯৫৫ সালে ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ তার প্রথম সিনেমা। যেখানে হাইস্কুলের ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন সিডনি।

শুধু অস্কারই নন মার্কিন সিনেমা-নাটকের বড় বড় আসরে মনোনয়ন ও পুরস্কার জিতেছেন তিনি।

১৯২৭ সালে মিয়ামিতে জন্ম সিডনির। বেশ কয়েক মাসের প্রিম্যাচিওর হিসেবে জন্মেছিলেন তিনি।

জন্মের সময় শীর্ণকায় হওয়ায় তার মা ছুটেছিলেন জ্যোতিষীর কাছে। সে দিন সিডনির মাকে দেওয়া জ্যোতিষীর আশ্বাস অবশ্য ভুল হয়নি। প্রাণে তো বেঁচেছিলেনই, খ্যাতিও অর্জন করেছিলেন অসুস্থ হয়ে জন্মানো সিডনি।

তার বাবা ছিলেন কৃষক। তিনি প্রায়শই যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ফ্লোরিডা এবং বাহামাসে যাতায়াত করতেন। সে জন্য সিডনির বেড়ে ওঠা বাহামাসে।

১৫ বছর বয়সে মিয়ামিতে চলে আসেন সিডনি, পরের বছর আসেন নিউ ইয়র্কে। ১৬ বছর বয়সে তিনি যোগ দেন আমেরিকান নিগ্রো থিয়েটারে।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নিজের দক্ষতা দেখিয়েছিলেন সিডনি পোয়াটির। এ ছাড়া বাহামাসের হয়ে জাপান ও ইউনেসকোয় রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত