নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের চোখ এখন ইতিহাস সৃষ্টির দিকে। ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে নতুন করে ইতিহাস লিখতে চায় টাইগাররা।
মাউন্ট মঙ্গানুই টেস্টে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যা কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে টাইগারদের প্রথম টেস্ট জয়। এমনকি নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৩৩ ম্যাচের পর প্রথম জয় টাইগারদের।
এই জয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। পরের টেস্টে ড্র করলেই বিদেশের মাটিতে জিম্বাবুয়ের ছাড়া বড় কোনো দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
তবে ক্রাইস্টচার্চ টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। কারণ এই ভেন্যুতে আট ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে কিউইরা। তার মধ্যে টাইগারদের খেলতে হবে সবুজ উইকেটে।
বাংলাদেশের প্রথম টেস্ট জেতা ভেন্যু মাউন্ট মঙ্গানুই অপেক্ষাকৃত নতুন মাঠ ছিল, যেখানে এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট ম্যাচ আয়োজন হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে যাওয়া নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেইলর জানান, বাংলাদেশের চেয়ে ক্রাইস্টচার্চের কন্ডিশন তাদের পক্ষেই থাকবে।
টেইলর বলেন, ‘দল এখানে যথেষ্ট ধৈর্য ধারণের চেষ্টা করলেও বাংলাদেশ চাপ সৃষ্টি করেছে। আমাদের অনেক খেলোয়াড় সম্ভবত তাদের ক্যারিয়ারের বেশির ভাগ সময় রিভার্স সুইংয়ের মুখোমুখি হয়নি।’
তিনি আরও বলেন, ‘এটি সম্ভবত শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে হয়েছে। পাশাপাশি তারাও খুব ভালো বোলিং করেছে। কিন্তু ক্রাইস্টচার্চের কন্ডিশন আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। যে সহায়তা সম্ভবত মাউন্ট মঙ্গানুইতে পেয়েছে বাংলাদেশ।’
এই ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন টেইলর। এই টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ড তাদের ক্রিকেট মৌসুম শেষ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও কিছু টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টই টেইলরের শেষ ম্যাচ। তাই এই টেস্টকে স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা টেইলরের সতীর্থ ডেভন কনওয়ে বলেন, ‘একটি দল হিসেবে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াতে চাই এবং জয় দিয়ে তাকে বিদায় জানাতে চাই।’
এদিকে, দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসছে। আঙুলের ইনজুরিতে পড়ে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার পরিবর্তে টেস্ট অভিষেক হবে নাঈম শেখের।
