রাবির হলে কচ্ছপ গতির ওয়াই-ফাই সেবা অবশেষে বন্ধ!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৫:৪০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দুর্বল গতির ইন্টারনেট সেবার অভিযোগ দীর্ঘদিনের। এত দিন কচ্ছপ গতিতে চললেও গত দুদিন ধরে একেবারেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।

বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ, শহীদ সোহরাওয়ার্দী ও শহীদ শামসুজ্জোহা হলসহ বেশ কয়েকটি হলে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। এতে ই-লাইব্রেরিসহ অনলাইন ভিত্তিক পড়াশোনায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘আমি হলে ওঠার পর থেকেই দেখে আসছি ইন্টারনেটের গতি অনেক স্লো। আমরা বেশ কয়েকবার অভিযোগ করার পরও কোনো প্রতিকার পাইনি। শেষ পর্যন্ত নিজেরা রাউটার কিনে ইন্টারনেট ব্যবহার করছি। কিন্তু গতকাল থেকে ওয়াইফাই সেবা একদম বন্ধ। আমরা শুধু নামমাত্র ওয়াই-ফাই ব্যবহার করছি। এতে আমাদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে।’

শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী রাসেল ইসলাম বলেন, ‘আমাদের পড়াশোনা ও শিক্ষা সম্পর্কিত কার্যাবলি এখন অনেকটাই অনলাইন কেন্দ্রিক। তাই ইন্টারনেট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনার ক্ষেত্রে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। হলে ওয়াই-ফাই থাকা সত্ত্বেও আমাদের ডেটা কিনতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা এ সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক মো. বাবুল ইসলাম বলেন, ‘আমাদের বেশ কয়েকটি হলে ফাইবার কন্সট্রাকশনের কাজ চলছে তাই ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে কাজ প্রায় শেষ হয়ে গেছে। আশা করছি খুব দ্রুত শিক্ষার্থীরা আবার ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে।’

ইন্টারনেটের লো ফ্রিকোয়েন্সির ব্যাপারে তিনি বলেন, ‘মূলত রাউটার সংখ্যার তুলনায় ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়াতে স্পিড কমে যায়। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। এটি মূলত হল কর্তৃপক্ষের বিষয়। তারা চাইলেই রাউটার সংখ্যা বাড়িয়ে এ ভোগান্তি লাঘব করতে পারেন। এ ছাড়া আমরা প্রতিটি হলে একটি ব্রাউজিং জোন করব। শিক্ষার্থীরা সেখানে বসে অনায়াসেই অনেক ভালো স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত