রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে সরকার বা সিটি করপোরেশনের কেউ না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইশরাক এ ক্ষোভ প্রকাশ করেন। তার সাথে ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
ইশরাক বলেন, অগ্নিকাণ্ডের প্রায় ১ দিন পেরিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের কোনো খোঁজ নিতে এখনো সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। এমনকি সিটি করপোরেশনের মালিকানাধীন মার্কেট ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সেখানে করপোরেশনের কেউ যাননি। এতেই বোঝা যায় ভোট ছাড়া এই জনপ্রতিনিধি হওয়াদের দায়িত্ব সম্পর্কে।
বিএনপির পক্ষ থেকে কাপ্তান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণাও দেন ইশরাক হোসেন।
এ সময়, কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক কাজী রওনুকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহম্মেদ আরিফ, ওয়ারী থানার সাধারণ সম্পাদক সাবেক কমিশনার মোজাম্মেল হক মুক্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
