অসহায়-দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে পুনাক: সভানেত্রী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৯:৩৩ পিএম

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা বলেছেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই পুনাক নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

সাতক্ষীরা জেলা পুলিশ লাইনসে সুন্দরবনকেন্দ্রিক কর্মজীবীদের সহযোগিতা প্রদান ও পুনাকের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুনাক সভানেত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের কল্যাণে দেশের কোথায় কি হচ্ছে, কোন জেলায় কীসের প্রয়োজন, কারও কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন কি-না তা আমরা জানতে পারি।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সমাজের সকল ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছেন। এর পরেও আমরা কখনো ইউটিউব বা ফেইসবুকের মাধ্যমে দুই একটা ঘটনা জানতে পারলে, তখন বাংলাদেশ পুলিশ ও পুনাকের পক্ষে তার পাশে দাঁড়িয়ে কিছুটা হলেও সহযোগিতা করে যাচ্ছি। সেটা হতে পারে পড়ালেখার বিষয়, চিকিৎসার বিষয় বা অন্য কোনো বিষয়।’

সাংবাদিকদের উদ্দেশে জীশান মির্জা বলেন, ‘আপনারাও যদি কোনো কোনো ক্ষেত্রে কারও সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু সাতক্ষীরাবাসীই নয়, সারা দেশের সব জেলার মানুষের কাছেই এ আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা অতিমারি মোকাবিলায় ফ্রন্টলাইন ফাইটার হিসেবে দায়িত্ব পালনকারী চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ অন্যান্য সকলের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পুনাক সভানেত্রী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত