ধলেশ্বরীতে ট্রলারডুবি: পঞ্চম দিনে ভেসে উঠল ৪ জনের লাশ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০:১২ এএম

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার পঞ্চম দিনে চারজনের লাশ ভেসে উঠেছে।

নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

আরও দুটি উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, সকালে ধর্মগঞ্জ ঘাটের অদূরে ৪টি মরদেহ ভেসে উঠে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও ছয়জন। ডুবে যাওয়া ট্রলারটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। যেখানে ট্রলার ডুবেছে, সেখান থেকে কিছুটা দূরে চারটি মরদেহ ভেসে উঠতে দেখে আমাদের খবর দেয় স্থানীয় লোকজন। আমরা গিয়ে উদ্ধার করি। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চটির ধাক্কায় অন্তত ত্রিশজন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ৮ জন।

দুর্ঘটনার পর থেকেই ধলেশ্বরী নদীর তীরে নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করছে।

এদিকে ট্রলারটিকে ডুবিয়ে দেয়া এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চটি জব্দ করে লঞ্চের চালক মাস্টারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে বিআইডব্লিউটিএ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত