১০ লাখের বেশি আফগান শরণার্থী পেল পাকিস্তানের পরিচয়পত্র

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০২:৩৫ পিএম

আফগান শরণার্থীদের নিবন্ধন ও তাদের পরিচয়পত্র ইস্যু করার জন্য এক মাসব্যাপী অভিযান শেষ করেছে পাকিস্তান। বলা হচ্ছে, এই পরিচয়পত্র তাদের স্বার্থ রক্ষা করবে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা সমর্থিত সরকার পরিচালিত এই নিবন্ধন অভিযান প্রায় ১০ লাখ ৪০ হাজার আফগান শরণার্থীর তথ্য হালনাগাদ করেছে।

গত ১০ বছরে পাকিস্তানে শরণার্থীদের অবস্থা যাচাই করার জন্য এটিই প্রথম বড় আকারের প্রচেষ্টা।

ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবর বেলুচ বলেন, শরণার্থীদের স্মার্ট আইডেনটিটি কার্ড নামের পরিচয়পত্র দেওয়া হয়েছে। যা তাদের অবস্থাকে বৈধতা দেয় এবং মানবিক সহায়তা ও অন্যান্য সুবিধাগুলোর নাগাল পাওয়া সহজ করবে।

আরও বলেন, নতুন পরিচয়পত্র আফগান শরণার্থীদের জন্য একটি অপরিহার্য সুরক্ষার হাতিয়ার। এটি স্বাস্থ্য ও শিক্ষার সুবিধা এবং আর্থিক পরিষেবাগুলোকে দ্রুত ও নিরাপদভাবে নাগালের মধ্যে নিয়ে আসবে।

ইউএনএইচসিআর জানিয়েছে, গত আগস্টে তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকে তিন লাখেরও বেশি আফগান পাকিস্তানে পালিয়ে যায়। তাদের অবস্থা অনিশ্চিত। কারণ বেশির ভাগই অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছে এবং তাদের স্বদেশে ফেরত পাঠানো হতে পারে।

বেলুচ বলেন, গত বছর নিবন্ধন চলাকালে পাকিস্তান জুড়ে ৪০টিরও বেশি যাচাইকরণ কেন্দ্র স্থাপন করা হয়। মোবাইল রেজিস্ট্রেশন ভ্যান প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আফগান শরণার্থীদের খুঁজে বের করে তখন ।

শরণার্থীদের কাছে প্রচারণার উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য একটি গণ তথ্য প্রচারও চালানো হয়েছিল। এ কারণে বিপুলসংখ্যক শরণার্থীর নিবন্ধন সম্ভব হয়েছে।

উদ্বাস্তু মা-বাবার দ্বারা পাঁচ বছরের কম বয়সী ২ লাখ শিশু নিবন্ধিত হয়েছে।

বেলুচ বলেন, এখন পর্যন্ত ৭ লাখের বেশি নতুন স্মার্ট পরিচয়পত্র ইস্যু করা হয়েছে। বাকি কার্ডগুলো চলতি বছরের শুরুর দিকে মুদ্রণ ও বিতরণ করা হবে। এই কার্ড ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বৈধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত