জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে নিরুৎসাহিত করলেন দোরাইস্বামী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৩:০২ পিএম

ভারতে করোনাভাইরাসের (কোভিড-১৯) ওমিক্রন ধরন বাড়তে থাকায় জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের দেশটি ভ্রমণে নিরুৎসাহিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

রবিবার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে করোনা টিকার বুস্টার ডোজ নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

আজ বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় অন্য কূটনীতিকদের সঙ্গে টিকা নেন ভারতীয় হাইকমিশনার।

দোরাইস্বামী বলেন, ভারতে করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো।

তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে বলে জানান তিনি।

ভারতে করোনা মহামারীর তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। সরকারি হিসাবে, দেশটিতে দেড় লাখ ছাড়িয়ে গেছে দৈনিক রোগী শনাক্ত। ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত