বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র হিসেবে। বিরোধীদলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছার ব্যবহার করা হচ্ছে।
রবিবার (৯ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেন তিনি।
নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।
তাদের বিরুদ্ধে ভুয়া, বানোয়াট ও সাজানো মামলা হয়েছে বলে দাবি তার।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দল ও মতের মানুষরা বসবাস করছে বন্দী শিবিরে অবস্থান করার মতো। নির্বাচন, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকারকে সমাধিস্থ করা হয়েছে। মিথ্যা মামলা, গ্রেপ্তার, জুলুম-নির্যাতনের এক বিপদজনক পরিবেশে বিএনপিসহ বিরোধী দলের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে। আওয়ামী লীগ সহিংস সন্ত্রাসে উৎসাহী একটি দল। অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। তবে তাতে কোনো কাজ হবে না। তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।
