রাতারাতি সাফল্য পাওয়ায় হৃতিককে এড়িয়ে চলতেন শাহরুখ?

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:৫৪ এএম

২০০০ সালে প্রথম ছবি দিয়েই বক্স অফিসে ঝড় তোলেন বলিউডের সুপারস্টার হৃতিক রোশন। তার রাতারাতি সাফল্যে নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন স্বয়ং কিং খান শাহরুখ?

আজ এই সুপারস্টারের জন্মদিনে ফিরে যাওয়া যাক সেই ঘটনায়।

বাবা রাকেশ রোশনের পরিচালনায় ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবি দিয়ে অভিনয় জগতে তার আত্মপ্রকাশ। আর সেই ছবিই বক্স অফিসে ঝড় তুলে তাক লাগিয়েছিল সকলকে। বলিউড পেল নতুন তারকা, দর্শক পেলেন নতুন নায়ক।

রাতারাতি আকাশ ছুঁয়ে ফেলে হৃতিকের জনপ্রিয়তা। আসতে থাকে একের পর এক ছবির প্রস্তাব।

‘কভি খুশি কভি গম’-এ এক সঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ এবং হৃতিক। অভিনয় জগতে তখন প্রথম জনের বয়স প্রায় এক দশক। দ্বিতীয় জনের এক বছর। করণ জোহর পরিচালিত এই ছবিতে দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তারা।

পরিবারের গল্প নিয়ে ছবি। সেটে একাধিক তাবড় তারকার ভিড়। কিন্তু কাজ বাদে বাকি সময় একা থাকতেন হৃতিক। গুটিয়ে রাখতেন নিজেকে।

পর্দায় অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন তার মা-বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু বাস্তবে হৃতিকের সঙ্গে খুব বেশি কথা বলতেন না তারা।

শাহরুখ খানও দূরত্ব বজায় রাখতেন হৃতিকের থেকে। সেই সময় তার সঙ্গে হৃতিককে তুলনা শুরু করেছিল সংবাদমাধ্যম। চারদিকে তা নিয়ে চর্চাও কম হয়নি।

অনেকেই বলেছিলেন, শাহরুখকে ছাপিয়ে যাবেন হৃতিক। বলিউডে নাকি একাধিপত্য থাকবে ‘কহো না প্যায়ার’-এর নায়কের।

এত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে নতুন নায়কের সঙ্গে নিজের এই তুলনা মেনে নিতে পারেননি শাহরুখ। তাই পেশাগত সম্পর্ক ছাপিয়ে বন্ধু করে নিতে পারেননি হৃতিককে।

শাহরুখের জন্য কাজলও দূরত্ব বজায় রেখেছিলেন হৃতিকের সঙ্গে। পরিচালক করণ জোহর তার আত্মজীবনী ‘অ্যান আনসুটেবল বয়’-এ ‘কভি খুশি কভি গম’-এর অভিজ্ঞতা লিখতে গিয়ে এই ঘটনার কথা উল্লেখ করেছেন।

এরপর কেটেছে বহু বছর। সময়ের সঙ্গে সহকর্মী থেকে বন্ধু হয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত