কারা মহাপরিদর্শকের গাড়িবহরের ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১০:০৮ পিএম

জামালপুরে কারা মহাপরিদর্শকের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় সৈয়দ গোলাম সরোয়ার আকা নামে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে জামালপুর বাইপাস সড়কের শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন পৌরসভার ডাম্পিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার আকা মোটরসাইকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়কের মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা কারা মহাপরিদর্শকের গাড়িবহরের কোনো এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সৈয়দ গোলাম সরোয়ার আকার মৃত্যু হয়। নিহত আকা জামালপুর শহরতলীর হাট চন্দ্রা এলাকার গোলাম মোস্তফা ছানার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

ওসি আরো জানান, কারা মহাপরিদর্শক জামালপুর জেলা কারাগারের নতুন ভবনের কাজ পরিদর্শনে সোমবার এ এলাকায় আসেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত