যুব বিশ্বকাপে আফগানদের অংশ গ্রহণ অনিশ্চিত

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:২০ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার দিন বাকি। কিন্তু এখনো ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দেওয়ার ভিসা পায়নি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফলে দেশটির এই আসরে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৪ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানদের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। যা এরই মধ্যে বাতিল হয়ে গেছে।

তবে এক বিবৃতিতে আইসিসির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি জানিয়েছেন, সমস্যার সমাধানে আলোচনা চলছে। তিনি বলেন, ‘সমস্যার সমাধান করতে এবং দলটিকে ভ্রমণের অনুমতি দেওয়ার জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও এর সঙ্গে যুক্ত স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করছি।’

মোট ১৬টি দল অংশ নেবে যুব বিশ্বকাপে। এক মাস ধরে চলবে আসর। ফাইনাল হবে ১৪ ফেব্রুয়ারি। আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত