অবশেষে বাচেনার পেট থেকে বের করা হয়েছে কাঁচি

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:০৭ এএম

২০ বছর ধরে পেটে কাঁচি বয়ে বেড়ানো সেই বাচেনা খাতুনের অপারেশন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে অস্ত্রোপচারের পর তার পেট থেকে ওই কাঁচিটি বের করা হয়। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে তার অপারেশন করেন চিকিৎসকরা।

এর আগে গত ৫ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন বাচেনা খাতুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় এতদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। এরপর সোমবার তার শরীরিক পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, রোগীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশন করা হয়েছে। পেট থেকে বের করা হয়েছে সেই কাঁচিটি। বর্তমানে রোগী সুস্থ আছেন।

এদিকে, ডাক্তারের ভুলের খেসারত দেওয়া বাচেনা খাতুনকে ক্ষতিপূরণ দেওয়াসহ অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

উল্লেখ্য, ২০০২ সালের ২৫ মার্চ পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য মেহেরপুরের গাংনীর রাজা ক্লিনিকে ভর্তি হন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাচেনা খাতুন। তার অপারেশেন করে ক্লিনিকটির মালিক ডা. পারভিয়াস হোসেন রাজা বাচেনার পেটে ৯ ইঞ্চি কাঁচি রেখেই সেলাই করে দেন। এরপর পেটে কাঁচি নিয়ে বাচেনার কেটে যায় কষ্টকর ২০টি বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত