নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গোপনে টাকার বিনিময়ে দুটি শূন্যপদে লোক নিয়োগের চেষ্টার প্রতিবাদ করায় স্কুল পরিচালনা কমিটির ৫ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ৫ সদস্য গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের একজন অফিস সহায়ক ও একজন নৈশপ্রহরী নিয়োগের বিষয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে গোপনে সম্পন্ন করার পাঁয়তারা করছেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান মিন্টু ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফারুক হোসেন।
স্কুল পরিচালনা কমিটির সদস্য আফজাল হোসেন, গিয়াস উদ্দিন, আবু সাঈদ, ময়নাল মিয়া ও রাবেয়া বেগম বেগম বলেন, আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগের বিষয়ে নীতিমালা অনুসরণের জন্য মতামত দিলেও প্রধান শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি নিয়োগ সম্পন্ন করা হয়েছে বলে রেজিস্ট্রারে তাদের স্বাক্ষর করার জন্য চাপ দিচ্ছেন। এমনকি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকারের মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল আনোয়ারুল হক সরকারের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে কমিটির সভাপতি ফারুক হোসেন বলেন, আমি এখন আর সভাপতি পদে নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
প্রধান শিক্ষক আবদুল লতিফ খান মিন্টু বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
