চট্টগ্রামে মেডিকেল বর্জ্য ধ্বংসে প্ল্যান্ট স্থাপন

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০১:০৫ এএম

চট্টগ্রামে মেডিকেল বর্জ্য ধ্বংসের জন্য একটি আধুনিক কেন্দ্র স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন। এই ইনসিনারেটর প্ল্যান্ট বা বর্জ্য পোড়ানোর কেন্দ্রে দিনে পাঁচ টন বর্জ্য ধ্বংস করা যাবে। এতে করে পরিবেশ দূষণ হবে না। পাশাপাশি রোগ সংক্রমণের ঝুঁকি কমবে।

গতকাল মঙ্গলবার সকালে নগরীর আনন্দবাজার এলাকায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এ প্ল্যান্ট স্থাপন করা হয়। এটি স্থাপনে জাইকা ৩ কোটি টাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন ৬৬ লাখ টাকা দিয়েছে।

প্ল্যান্ট উদ্বোধন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ইনসিনারেটর প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে নগর সংস্থার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হলো। সংক্রামক মেডিকেল বর্জ্য নিষ্কাশনে গুরুত্ব দিয়ে এই প্ল্যান্ট বসানো হয়েছে। এটি একটি পরিবেশবান্ধব অত্যাধুনিক ব্যবস্থা। এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন করে গবেষণার প্রয়োজন নেই। উন্নত শহরগুলোকে অনুসরণ করলেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

মেয়র বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে তাদের ব্যবহার্য মেডিকেল বর্জ্য যত্রতত্র না ফেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইড লাইন অনুসরণ করে অটোক্লেভ মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করে তা বায়োসেফটিক্যাল ব্যাগে ভরে বর্জ্য সংগ্রহকারীদেরকে দিতে হবে। তিনি আরও বলেন, প্ল্যান্টটিতে মেডিকেল বর্জ্য পোড়ানো হবে পরিবেশসম্মত উপায়ে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হবে, অন্যদিকে সংগৃহীত মেডিকেল বর্জ্যরে কারণে সংক্রামক রোগ ছড়ানো অনেকাংশে হ্রাস পাবে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নগর সংস্থার অনুমোদিত মেডিকেল বর্জ্য সংগ্রহকারী ‘চট্টগ্রাম সেবা সংস্থা’কে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার তথ্য সংগ্রহ, পরিবহন এবং বিশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে। নগর সংস্থাকে নির্ধারিত মাসুল দিয়ে চট্টগ্রাম সেবা সংস্থা মেডিকেল বর্জ্য ধ্বংসে এই প্ল্যান্টটি ব্যবহার করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম। প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, যুগ্ম সচিব সবুর হোসেন, জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ হাইয়াকাওয়া ইয়োহো, সিনিয়র রিপ্রেজেন্টেটিভ সাইকি তাকাশি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত