শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন পরীমণি

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২:৫৬ পিএম

ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেল থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। আগামী ২৮ জানুয়ারি বিএফডিসিতে হবে ভোটাভুটি।

জানা গেছে, মঙ্গলবার রাতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে প্রার্থী হিসেবে সই করেছেন পরীমণি।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ওই প্যানেলের প্রার্থী সাইমন সাদিক। তিনি জানান, কার্যকরী সদস্য পদে নির্বাচন করার জন্য পরীমণি সই করেছেন।

সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন পরীমণি। গত সোমবার তিনি জানান, সন্তানের মা হতে যাচ্ছেন। একই সময়ে জানান, গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে দিয়ে পরী ও রাজের পরিচয়। এরপর সম্পর্কের পাঁচ দিনের মাথায় তারা বিয়ে করেন।

গত বছরের মাঝামাঝিতে এক ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ আনেন পরীমণি। এরপর আগস্টে নায়িকার বাসায় কয়েক ঘণ্টার অভিযান চালানোর পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় ২৮ দিন জেলে থাকার পর জামিন পান তিনি। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত