ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০২:১৭ পিএম

শিক্ষকদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল।

ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা। অবরোধ চলাকালে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীর নানা স্লোগান দিতে থাকে।

অবরোধ চলাকালীন এক শিক্ষার্থী বলেন, ‘ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে নানা অনিয়ম করে আসছে। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সঠিকভাবে দিলেও শিক্ষকেরা তাদের নম্বর কম দিচ্ছে। প্রতিবাদ করা হলে টিসি দিয়ে অন্য প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেককে। শিক্ষকরা ব্যবহারিক ক্লাসের নামে মাঠে কাজ করান। আমাদের ঠিকমতো ক্লাস নেন না। দেশের অন্য এটিআই থেকে আমাদের এটিআইতে ভর্তির জন্য ৭০০ টাকা বেশি নেওয়া হয়। এসব অনিয়মের মূল হোতা প্রতিষ্ঠানের অধ্যক্ষ।’

পরে পুলিশ ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে দেয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, কিছু দাবি নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। কর্তৃপক্ষ সমস্যার সমাধান করে দেবে এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ দেবানন্দ বিশ্বাসের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, ব্যস্ত আছি পরে কথা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত