১২ বছরের বড় মালাইকার প্রতি অর্জুনের প্রেম কি শেষ?

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০২:৪০ পিএম

ইনস্টাগ্রামে প্রায়ি ভেসে উঠে তাঁদের প্রেমালাপের ছবি। কখনও তাঁরা ‘ডিনার ডেট’-এ যান, কখনও আবার মালদ্বীপে একসঙ্গে প্রেমের চাদর গায়ে মেখে ছুটি কাটান। বয়সের পার্থক্য কোনোদিন অন্তরায় হয়নি অর্জুন-মালাইকার সম্পর্কে। তাঁদের বিয়ের সানাই শুনতে গত কয়েক মাস ধরেই উদগ্রীব ভক্তরা। এই তো সেদিন মালাইকাকে কটাক্ষের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছিলেন অর্জুন। কিন্তু দশ দিনের মধ্যেই বদলে গেল সবকিছু! হ্যাঁ, বলিউডে জোর গুঞ্জন প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন-মালাইকা।

এই তারকা জুটির ব্রেক আপের খবরে কার্যত তোলপাড় বলিউড। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম দাবি করেছে বড়সড় ফাটল ধরেছে অর্জুন-মালাইকার সম্পর্কে। বলিউড লাইফকে দুজনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘প্রায় ছয় দিন পেরিয়েছে মালাইকা বাড়ির বাইরে পা রাখেননি। এক্কেবারে নিভৃতবাসে মালাইকা। শুনছি মালাইকা খুব ভেঙে পড়েছেন, এখনই দুনিয়ার মুখোমুখি হতে চান না তিনি। তিন দিন আগেই বোন রিয়া কাপুরের বাড়িতে ডিনার ডেটে এসেছিলেন অর্জুন। মালাইকার বাড়ির খুব কাছে রিয়ার বাড়ি, তবে অর্জুন এখানে আসেনি। এমনটা ঘটেই না। এক-দুদিন পরপরই মালাইকার বাড়িতে হাজির হয় সে কিন্তু এইবার তেমনটা ঘটছে না’।

সূত্র আরও দাবি করেছে, ‘এই জুটি প্রায়শই ডিনার ডেটে বা কফি ডেটে যায়, কিন্তু সবকিছুই আচমকা বন্ধ। দুজনের মধ্যে সবকিছু ঠিক নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে’। যদিও ব্রেক আপের এই জল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি অর্জুন-মালাইকা।

২০১৭ সালের মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন ‘ছাইয়া ছাইয়া’খ্যাত মালাইকা। তাঁর এক পুত্র সন্তানও রয়েছে- আরহান খান। অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল অর্জুনের বাবা বনি কাপুরের, এমনটাই শোনা যায়। তবে বাবার বারণের তোয়াক্কা করেননি অর্জুন।

বয়সে ১২ বছরের ছোট অর্জুনকে ডেট করে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে মালাইকাকেও। যদিও ভালবাসার সামনে বয়স যে কিছুই নয়, তা বারে বারে প্রমাণ করেছেন এই জুটি। ২০২১ সালের জানুয়ারি মাসেই অর্জুনের সঙ্গে প্রেম সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছিলেন মালাইকা। বছর ঘুরতে না ঘুরতেই সামনে আসছে ব্রেক আপের জল্পনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত