কম সময়ের নোটিশে বড় শোডাউন তৈমূরের, চাইলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৪:৩৫ পিএম

নির্ধারিত সময়ের একদিন আগেই বিশাল নির্বাচনী শো-ডাউন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। বুধবার সকালে শহরের খানপুর হাসপাতাল এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তিনি।

তৈমূর আলম খন্দকারের নির্বাচন সমন্বয়ক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, কোভিডের ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় একদিন আগেই আমাদের হাতি মার্কার সর্বশেষ শোডাউনের আয়োজন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বৃহস্পতিবার এই শোডাউন হওয়ার কথা ছিল। স্বল্প সময়ের নোটিশেই বিশাল শোডাউন করে নিজের অস্তিত্বের প্রমাণ দেন তৈমূর।

বুধবার সকাল থেকেই তৈমূর আলমের নেতা-কর্মী সমর্থকেরা নগরের খানপুর হাসপাতালের সামনে সড়কে জড়ো হতে থাকেন। পথে পথে তৈমূরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয় অনেকেই। তৈমূরও হাত নেড়ে ভোটারদের কাছ ভোট চান। নগরের ফুটপাতে থাকা ভোটাররাও পাল্টা হাত নেড়ে তৈমূরকে সমর্থন জানান।

তৈমূরের এই শোডাউনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এসএম আকরাম, জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ জেলা ও মহানগরে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসএম আকরাম বলেন, এই নগরীর মানুষ পরিবর্তন চায় এটাই সত্য। তৈমূর আলম বিজয়ী হতে পারলে এই নগরে আরও ভালো ভালো কাজ হবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ২০১১ সালের নির্বাচনে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার সেই ত্যাগের কথা সেদিন তার চোখের অশ্রু নারায়ণগঞ্জ বিএনপির নেতা কর্মীরা ভুলে যাইনি।

তৈমূর আলম বলেন, বিগত ১৮ বছরের না পাওয়ার ক্ষোভ থেকেই এই নগরীর মানুষ আমাকে ভোট দেবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা নারায়ণগঞ্জের সচেতন জনগণ, যারা শহরকে নিয়ে ভাবেন, এই ১৮ বছরের ক্ষোভ থেকে যারা অবসান চান তারা সবাই আন্তরিকভাবেই এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি আশা করব নির্বাচন কমিশন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেবে। নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। জনগণ যেন ভোট দিতে পারে এবং কোনো ইঞ্জিনিয়ারিং যেন না হয় সে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।

তিনি বলেন, জনগণ দলমত-নির্বিশেষে আমার প্রচারণায় অংশ নিয়েছে। পুলিশ প্রশাসন আমাদের নেতা কর্মীদের ধরপাকড় করছে। তারা এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করেছে। অনেকে বাড়ি থেকে পলাতক অবস্থায় আছেন। পলাতক থেকেই তারা আমার প্রচারণায় অংশ নিচ্ছেন।

তৈমূর আলম আরও বলেন, আমি তিন সেট করে পোলিং এজেন্ট ঠিক করে রেখেছি। একজনকে বের করে দেওয়া হলে আরেকজন কাজ করবে। শুধু তাই নয়, কেন্দ্র রক্ষার জন্য আলাদা কমিটি করা হয়েছে। তারা সেখানে কেন্দ্র রক্ষা করবে। আমাদের চিফ এজেন্ট এটিএম কামাল নির্বাচন কমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্র যেন দখল না হয় সে জন্য জনগণ পাহারায় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত