কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বাড়াচ্ছে তালেবান

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:০৮ পিএম

কাবুলসহ সারা দেশে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এ কর্মসূচির আওতায় সরকারি খাতের হাজার হাজার কর্মীকে কাজের বিনিময়ে গম দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে তারা। এদিকে গত মঙ্গলবার জাতিসংঘ আফগানিস্তানের জন্য বিশ্বের দাতা সংস্থাগুলোর কাছে ৪৪০ কোটি ডলারের মানবিক সহায়তার আবেদন করেছে বলে জানিয়েছে বিবিসি।

জাতিসংঘ জানায়, আফগানিস্তানের অর্ধেকের বেশি জনসংখ্যার জরুরি সহায়তা প্রয়োজন হওয়ায় এ পরিমাণ তহবিল গঠন করা জরুরি। আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটির অর্থনৈতিক ও মানবিক সংকট তীব্র হতে থাকে। দেশটির কৃষি কর্মকর্তারা বলেছেন, যে গম দেওয়া হবে তার বেশিরভাগই যুক্তরাষ্ট্র সমর্থিত আফগানিস্তান সরকারকে সহায়তা হিসেবে দিয়েছিল ভারত। এর থেকে প্রায় ৪০ হাজার শ্রমিককে কাজের বিনিময়ে প্রতিদিন ১০ কেজি গম দেওয়া হচ্ছে। এ কর্মসূচিটি এতদিন শুধু রাজধানী কাবুলে সীমাবদ্ধ থাকলেও এখন তা দেশব্যাপী বিস্তৃত করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আফগানিস্তানের কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থবিষয়ক উপমন্ত্রী ফাজেল বারি ফজলির দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে তালেবান পাকিস্তান থেকে ১৮ টন গম গ্রহণ করেছে, আরও ৩৭ টন গম সহায়তার প্রতিশ্রুতি রয়েছে।

এদিকে ভারতের কাছ থেকে আরও ৫৫ টন গম সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানান ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত