সাকিব-গেইল-ব্রাভোদের ফরচুন বরিশাল বনাম নাঈম-সাব্বির-আফিফদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে ২১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। দুপুর দেড়টায় মিরপুর স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। বাকি দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স মুখোমুখি হবে পরদিন দুপুর সাড়ে ১২টায়। ঢাকায় পাঁচ দিনে ৮টি ম্যাচ শেষে ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে ৮ ম্যাচ। এরপর ৩ ও ৪ ফেব্রুয়ারি ঢাকায় আবার হবে চার ম্যাচ। ৭-১২ ফেব্রুয়ারি সিলেটে হবে রাউন্ড রবিনের বাকি ১০ ম্যাচ। ৩০ ম্যাচের প্রথম পর্বের শীর্ষ দু’দল ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুরে খেলবে প্রথম কোয়ালিফায়ার। সেদিন দুপুরে হবে তৃতীয় ও চতুর্থ স্থানীয় দলের মধ্যে এলিমিনেটর। এই ম্যাচের জয়ী ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায়। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল।
×
