নারায়ণগঞ্জের প্রার্থীদের ‘অসম্পূর্ণ হলফনামা’ কার স্বার্থে: সুজন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০২:৫৫ পিএম

সুশাসনের জন্য নাগরিক-সুজন বলছে, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীদের আয়কর বিবরণীর তথ্য প্রকাশ করেনি এবং তাদের হলফনামাও ‘অসম্পূর্ণ’। এর মাধ্যমে ভোটারদের বঞ্চিত করা হয়েছে। কার স্বার্থে কমিশন এ কাজ করছে?

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। ওই নির্বাচনের প্রার্থীদের তথ্য উপস্থাপন নিয়ে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলা হয়।

সংস্থার সমন্বয়কারী দিলীপ কুমার প্রার্থীদের তথ্য তুলে ধরেন।

সেখানে বলা হয়, ইসির ওয়েবসাইটে ৩ প্রার্থীর তথ্য না পাওয়ায় ১৮৬ জনের তথ্য বিশ্লেষণ করেছে।

সুজন বলছে, ১২ শতাংশ প্রার্থীর আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রার্থীরা সম্পদের যে তথ্য দিয়েছেন, তা প্রকৃত চিত্র নয়।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, হলফনামায় যেসব তথ্য দেওয়া হয়েছে, সেগুলো বিস্তারিত নয়। হলফনামার যে ছক, তা সঠিক নয়। এতে পরিবর্তন আনতে হবে। হলফনামাগুলো অত্যন্ত দুর্বল। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এগুলো যাচাই–বাছাই করে দেখা। তথ্য গোপন করলে মনোনয়ন বাতিল করা। এই নির্বাচনে অনেক প্রার্থীই অনেক তথ্য দেননি। এগুলো অসম্পূর্ণ। এতে মনোনয়ন বাতিল হওয়ার কথা।

এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এ তথ্যগুলোর উদ্দেশ্য হচ্ছে, জনগণ যেন জেনেবুঝে ভোট দিতে পারে। সব তথ্য না দিয়ে কমিশন অবশ্যই ভোটারদের বঞ্চিত করছে। এ তথ্যগুলো প্রকাশ করা বাধ্যতামূলক।

বদিউল আলম আরও বলেন, অনেকে করের প্রত্যয়নপত্র দিয়েও পার পেয়ে গেছেন। কিন্তু এটাও গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন হয় এদিকে নজরই দিচ্ছে না কিংবা দায়সারা গোছের কাজ করছে। মানুষকে তথ্য জানানো তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কমিশন কার স্বার্থে কাজ করে, সেই প্রশ্ন তোলেন তিনি।

নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান আচরণবিধি লঙ্ঘন করেছেন, কিন্তু শাস্তিযোগ্য অপরাধ নয়— সিইসি নূরুল হুদার এমন বক্তব্যের জবাবে সুজন সম্পাদক বলেন, আচরণবিধি লঙ্ঘনই শাস্তিযোগ্য অপরাধ। সিইসির বক্তব্য বোধগম্য নয়। তিনি আরও বলেন, একজন প্রার্থী নিজের নেতা–কর্মীদের হয়রানি, গ্রেপ্তারের অভিযোগ করেছেন। কিন্তু ইসির ভূমিকা নেই। ইসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার মাধ্যমে এর আগে খুলনা, গাজীপুরে নিয়ন্ত্রিত নির্বাচন দেখা গেছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সুজনের নির্বাহী সদস্য শাহনাজ হুদা, কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং নারায়ণগঞ্জ সুজনের সম্পাদক ধীমান সাহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত