স্যানিটারি দোকানে ঢুকে ম্যানেজারকে খুন করে টাকা ছিনতাই

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৪:১২ পিএম

গাজীপুরের শ্রীপুরে ক্রেতা সেজে একটি স্যানিটারি দোকানে ঢুকে দোকানের ম্যানেজারকে ছুরিকাঘাতে খুন করে টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পৌর শহরের ব্যস্ততম এলাকা গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজারে ইমরান ট্রেডার্সে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন মুন্সি (৫০)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউখাইঘানা গ্রামের মৃত এলাহী বক্স মুন্সির ছেলে।

জয়নাল আবেদীন কয়েক বছর ধরেই মাস্টার বাড়ি এলাকার মোতালেব মোল্লার  ইমরান ট্রেডার্স নামের একটি স্যানিটারি দোকানের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে জয়নাল আবেদীন মুন্সি দোকানের সব সাঁটার বন্ধ করে একটি সাঁটার খুলে রেখে হিসাব-নিকাশ শেষ করেন। এ সময় একটি সাঁটার দিয়ে এক যুবক ক্রেতা সেজে দোকানে ঢোকে। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই আচমকা ক্রেতা (ছিনতাইকারী) ছুরি মেরে ড্রয়ারে রাখা টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ সময় আরও কয়েক যুবক দোকানের বাইরে অপেক্ষা করছিল এমন চিত্র সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়।

তারা আরও জানান, ছুরিকাহত জয়নালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ম্যানেজার জয়নাল আবেদীন মারা যান।

স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন জানান, ইমরান ট্রেডার্স নামের স্যানিটারি দোকানটি একেবারে মহাসড়কের ওপরে। চরম ব্যস্ততম এলাকা হলেও ছুরি মেরে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন দোকানে কাজ করা ম্যানেজারদের মাঝে আলাদা ভয় ঢুকেছে।

তিনি আরও জানান, বেশ কিছু দিন আগেও দিনে দুপুরে এক মোবাইল ব্যবসায়ীর দোকানে ঢুকে ছুরি মেরে টাকা নিয়ে পালানো সময় ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে ফেলে। ওই সময় ওই ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি ছিনতাইয়ের বিষয়টি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

ব্যবসায়ীদের আতঙ্ক কাটাতে পুলিশের টহল জোরদার করা হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত