ফেনীর পরশুরামে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার মামলায় কারাবন্দী পরশুরামের মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান তাকে শপথবাক্য পাঠ করান।
কারাবন্দী মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে জেলা প্রশাসক ৩ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন।
ফেনী কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম বলেন, শপথ গ্রহণ শেষে তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে। ৩ ঘণ্টার জন্য প্যারোলো মুক্তি থাকলেও শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ হতে অনেক কম সময় লেগেছে।
এর আগে গত ১১ জানুয়ারি ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও কারান্তরীণ থাকায় মির্জানগর ইউপি চেয়ারম্যান ভুট্টোর শপথ গ্রহণ হয়নি।
গত ২৮ নভেম্বর মির্জানগর ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচন হন।
গত ২৩ ডিসেম্বর পাওনা টাকা ফেরত চাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর নেতৃত্বে হামলা চালানো হয় দোকান কর্মচারী শাহীন চৌধুরীর ওপর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার স্ত্রী ফিরোজা বেগম পরশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
৫ জানুয়ারি গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে র্যাব মো. নুরুজ্জামান ভুট্টোকে গ্রেপ্তার করে। এই মামলায় ভুট্টো এজাহার নামীর ২ নম্বর আসামি।
