স্মার্টফোনে ব্যয় হচ্ছে অর্ধ কর্মদিবস!

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১১:৩৮ পিএম

দিন যত যাচ্ছে মানুষ ততই প্রযুক্তিনির্ভর হচ্ছে। এর ফলে একদিকে যেমন শারীরিক পরিশ্রম কমেছে অন্যদিকে বাঁচছে সময়। বিনোদন থেকে বিজ্ঞানের জটিল সব সমাধান পাওয়া যাচ্ছে খুব সহজেই। মিলছে নানা ধরনের তথ্যও। তবে অপ্রয়োজনেও দীর্ঘ সময় যাচ্ছে প্রযুক্তির পেছনে। তাতে ব্যয়ও হচ্ছে বিস্তর অর্থ। বিশেষ করে স্মার্টফোনে মানুষ এখন সময় ও অর্থ দুটোই বিপুল পরিমাণে ব্যয় করছে।

মোবাইল ফোন অ্যাপ পর্যবেক্ষক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি এক জরিপে দেখিয়েছে, ২০২১ সালে বিশ্ব জুড়ে ৩ লাখ ৮০ হাজার কোটি ঘণ্টা ব্যয় হয়েছে এ যন্ত্রটিতে। আর একজন মানুষ ব্যয় করেছে গড়ে ৪ ঘণ্টা ৪৮ মিনিট। ২০১৯ সালের তুলনায় যা ৩০ শতাংশ বেশি। একজন মানুষ যদি আট ঘণ্টা কাজের জন্য ব্যয় করে তাহলে মোবাইলে ফোনে তার ব্যয় হচ্ছে কর্মঘণ্টার অর্ধেকেরও বেশি!

পর্যবেক্ষক প্রতিষ্ঠানটির মতে, গত বছর স্মার্টফোনে কী পরিমাণ অ্যাপ ডাউনলোড করা হয়েছে, তা নিয়েও জরিপ চালিয়েছে অ্যাপ অ্যানি। প্রতিষ্ঠানটি বলছে, প্রায় ২৩ হাজার কোটিবার ডাউনলোড করা হয়েছে বিভিন্ন অ্যাপ। ২০২১ সালে এজন্য ব্যয় হয়েছে ১৭ হাজার কোটি মার্কিন ডলার।

অ্যাপ অ্যানির ‘স্টেট অব মোবাইল-২০২২’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে টিকটক। ২০২০ সালে টিকটক ব্যবহারকারীরা যে পরিমাণ সময় ব্যয় করেছে ২০২১ সালে তার চেয়ে ৯০ শতাংশ বেশি সময় ব্যয় করেছে তারা। পর্যবেক্ষক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি টিকটক নিয়ে নতুন একটি বার্তাও দিয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে মাসে টিকটক ব্যবহারকারী ১৫০ কোটি ছাড়িয়ে যাবে।

প্রতিবেদন মতে, গত বছর মানুষ প্রতি ১০ মিনিটের মধ্যে ৭ মিনিট ব্যয় করেছে সামাজিক যোগাযোগমাধ্যম, ছবি ও ভিডিও প্রচারের অ্যাপে। এর কারণে এখন মোবাইল গেমসে আগ্রহ কমেছে ব্যবহারকারীদের। গত বছর সারা বিশ্বে মানুষ যত সময় মোবাইলে ব্যয় করেছে তার মাত্র ১০ শতাংশ সময় ব্যয় হয়েছে গেমসে। অথচ আগের কয়েক বছর এ হারটা ছিল অনেক বেশি। তবে অন্য যেকোনো অ্যাপের তুলনায় গেমসে ব্যয় হয়েছে অনেক বেশি। অ্যাপ অ্যানির প্রধান নির্বাহী থিওডর ক্রান্টজ বলেন, মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে। মানুষ এতে সময় বেশি ব্যয় করছে, এর জন্য বেশি বেশি অ্যাপ ডাউনলোড হচ্ছে, এ থেকে অর্থ আয়ও হচ্ছে বেশি। ভারত, তুরস্ক, যুক্তরাষ্ট্র, জাপান, মেক্সিকো, সিঙ্গাপুর, কানাডা, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার দেশের মোবাইল ফোনের বাজার ও ব্যবহারকারীদের তথ্য যাচাই করে এ তথ্য জানিয়েছে অ্যাপ অ্যানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত