এবার আইপিএল হতে পারে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কায়!

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২:৫১ এএম

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। ফলে এবারের আইপিএল বিসিসিআই নিজ দেশে আয়োজন করতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে।

দেশটির সংবাদমাধ্যমে খবর, দেশে আয়োজন করতে না পারলে বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার কথা ভাবছে বিসিসিআই।

এখনো পর্যন্ত নতুন দুই দলসহ মোট ১০টি দলকে নিয়ে হোম-অ্যাওয়ে ফরম্যাটে দেশের মাটিতেই আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। কিন্তু যদি করোনার জন্য সেটা সম্ভব না হয়, তাহলে অন্য দেশে এই প্রতিযোগিতা আয়োজন করার কথা ভাবছে সংস্থাটি।

এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘আগামী দুই মাসে দেশের অবস্থা কেমন থাকবে, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব কত দিন থাকবে, সে বিষয়ে কেউই নিশ্চিত নন।’

‘আমরা গোটা আইপিএল-ই মহারাষ্ট্রে করার কথাও ভাবছিলাম। কিন্তু সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আশা কম। তাই দেশের করোনা পরিস্থিতির উন্নতি যদি না হয়, তাহলে শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকায় আইপিএল হতে পারে।’

এর আগে ২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে দ্বিতীয় আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সংযুক্ত আরব আমিরাতে ২০২০ ও ২০২১ সালে আইপিএল হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত