করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলোতে অর্ধেক লোক সমাগমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক রাঙ্গামাটিকে করোনার রেড জোন ঘোষণার পর সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়। সভায় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করা, শপিং মল রাত ৮টা ও খাবারের হোটেল রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা না মানলে গুনতে হবে জরিমানা।
সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, জেলায় ডিসেম্বর মাসে মোট করোনা আক্রান্ত হয়েছিল ২৬ জন। অথচ জানুয়ারির ১৪ দিনেই ডিসেম্বরের সমান রোগী শনাক্ত হয়েছে।
পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, ‘পুলিশ আগের মতো বিধিনিষেধ মানাতে শতভাগ কাজ করবে।’
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘রেড জোন ঘোষণায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন।’
