রাজধানীর ধানমন্ডি ও গুলশান এলাকায় অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধার করে সেখানে বহুতল ভবন নির্মাণ করতে বলেছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন ও মো. মনোয়ার হোসেন চৌধুরী অংশ নেন।
কমিটির সদস্য মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে সেখানে মাল্টিস্টোরিড বিল্ডিং করতে বলেছি।’
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন নিশ্চিতে বহুতল ভবন করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া কমিটি চট্টগ্রামে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে এবং খালে আবর্জনা ফেলা বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সুপারিশ করে।
