শিল্পী সমিতির নির্বাচনে কোন দলে অনন্ত জলিল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৮:৩৩ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। ইতিমধ্যেই নির্বাচন জমে উঠেছে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদের নেতৃত্বে প্যানেল দুটিতে ভিড় করেছেন অনেক তারকা। কেউ প্রার্থী হয়েছেন, কেউ প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন। এরই প্রেক্ষিতে সিনেমা সংশ্লিষ্টদের মনে প্রশ্ন জাগছিল, নায়ক অনন্ত জলিল কোন দলের সমর্থনে থাকছেন। নাকি তিনি প্রার্থী হবেন। এসব কানাঘুষার মাঝে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ জানুয়ারি অনন্ত জলিল জানান, ‘শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই! শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকব। তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকবো না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন।’

অনন্ত জলিল জানান, তিনি বর্তমানে তার গার্মেন্টস ব্যবসা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন। তাই নির্বাচন নিয়ে তার চিন্তা-ভাবনা নেই।

উল্লেখ্য, এবারের নির্বাচনে একটি প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে নিপুণ। আরেকটি প্যানেলে আছেন গত দুই মেয়াদের কমিটি মিশা সওদাগর ও জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হবে এফডিসিতে। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত