সরাসরি সাইনিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার লেন্ডন সিমন্সকে দলে নিয়েছে সিলেট সানরাইজার্স। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিটি।
এবার আরও এক ক্যারিবীয় তারকাকে দলভুক্ত করল সিলেট। বিপিএলের অষ্টম আসরকে সামনে রেখে সিমন্সের পর ব্যাটার-উইকেটরক্ষক ডেভন থমাসকেও দলে নিয়েছে সিলেট।
এবারের প্লেয়ার্স ড্রাফটের আগে সিলেট দলে ভিড়িয়েছিল বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে। এছাড়া বিদেশি ক্যাটাগরিতে তারা সরাসরি সাইনিং করে দলে নেয় শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, উইন্ডিজের কেসরিক উইলিয়ামস ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে। তবে চান্দিমালকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরের। আসরের ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। বিপিএলের ম্যাচগুলো হবে ঢাকা, সিলেট, চট্টগ্রামে। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩৪টি।
