বাড়ির রাস্তা খুঁজে না পেয়ে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা নিয়েছেন এক ব্যক্তি।
শুক্রবার রাত ১১টার দিকে ফটিকছড়ির ভুজপুর থানার পাহাড়ি এলাকা থেকে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে।
মামুন চৌধুরী (৫০) নামের ওই ব্যক্তি সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর রহমত নগর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা বন বিভাগের বিট কার্যালয় এলাকার একটি বাড়িতে দাওয়াত খেতে যান তিনি। খাওয়ার পর তিনি পাহাড়ি এলাকায় হাঁটা শুরু করলে পথ হারিয়ে ফেলেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক শনিবার বিকেলে সংবাদমাধ্যমকে বলেন, দুপুরে খাওয়ার পর তিনি হাঁটতে হাঁটতে পথ হারিয়ে পাহাড়ি এলাকায় ঢুকে পড়েন। পরে পথ খুঁজে না পেয়ে সন্ধ্যার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সাহায্য চান।
তিনি আরও বলেন, এরপর আমাদের থানার দুইটি টিম ওই এলাকায় উদ্ধার কাজ শুরু করে। রাত ১১টার দিকে আমরা তাকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকায় খুঁজে পাই। তাকে খুঁজে পেতে পথে আমাদের ওই এলাকার কয়েকজন কাঠুরিয়া সাহায্য করেন। উদ্ধার ব্যক্তি সুস্থ আছেন। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
