বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দেশে তৈরি তিনটি বন্দুক ও ১১টি গুলি উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলো, নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। ছদ্মবেশে র্যাবের একটি দল সাগরে অভিযানে যায়। এসময় একটি ট্রলার থেকে এসব অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
